মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
- প্রকাশের সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 7 বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাহজালাল রুমিকে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
এর আগে, গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ওই ঘটনার পর মাদরাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করে। মঙ্গলবার (৩ নভেম্বর) রুমির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান জানান, হাইকোর্ট রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তাই এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না।
আদালতে রুমির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান, বেলাল হোসেন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।
গত ২৩ অক্টোবর টঙ্গী থানায় মামলাটি করেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম মো. আলমাস হোসেন। এজাহারে বলা হয়, সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের জেরে গত ২১ অক্টোবর শাহজালাল রুমি ও তার সহযোগীরা জোর করে মাদরাসায় ঢোকেন। তারা সেখানে হামলা, ভাঙচুর ও লোকজনকে মারধর করেন। জমি কেনার জন্য টেবিলের ড্রয়ারে রাখা ১৭ লাখ টাকা শাহজালাল রুমি নিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।






















