মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হলো না মাহির
- প্রকাশের সময় : ০২:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0 বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। জাতীয় পোশাকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম ধাপে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। তবে, সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধির।
এবারের আসরে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ছিল। দর্শকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পান। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শকভোটে এগিয়ে ছিলেন মাহি। তবে, শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি।
দর্শকভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বাকারাম। বাকি প্রতিযোগীদের বাছাই করা হয় সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে।
এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি। ‘মাতৃত্ব : ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। একই সঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেন তিনি।
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে যুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প। পোশাকটির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে, শেষ পর্যন্ত সেরা ৩০-এর লড়াইয়ে টিকতে পারেননি বাংলাদেশের এই প্রতিযোগী।
























