শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তদের আগুন, বিপাকে ৫০ আবাসিক শিক্ষার্থী
- প্রকাশের সময় : ১০:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
রংপুর নগরীতে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২৮ আসনের বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ইঞ্জিন, আসনসহ বাসের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, বিপাকে পড়েছে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টার কর্তৃপক্ষ। অনিশ্চয়তায় পড়েছে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াত ব্যবস্থা।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় পর্যটন মোটেলের সামনে কোচিং সেন্টারের নির্ধারিত পার্কিং স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই আগুনের ভয়াবহতায় বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। কারা, কী উদ্দেশ্যে এ আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে রংপুরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২৮ আসনের বাসটি কিনেছিলেন। এটি দিয়ে প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত।
তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনের নির্ধারিত গ্যারেজে রাখা হয়। রাতেও সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু ভোররাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, তাঁর দীর্ঘদিনের পরিশ্রমে কেনা বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের কথা চিন্তা করেই অনেক কষ্টে বাসটি কিনেছিলেন। এক রাতের আগুনে তাঁর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের যাতায়াত কীভাবে নিশ্চিত করবেন, তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাসচালক আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাসটি চালিয়ে আসছেন। গত ১৪ নভেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে কোচিং সেন্টারের একটি অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নামিয়ে বাসটি যথারীতি পার্কিংয়ে রাখা হয়েছিল। মঙ্গলবারও শিক্ষার্থীদের পরিবহন শেষে একই স্থানে বাসটি রাখা হয়। বুধবার ভোররাতে আগুনের খবর পেয়ে এসে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যেতে দেখেন। এ ঘটনায় তিনি হতবাক। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া জানান, তাঁর বাসা প্রতিষ্ঠানের পাশেই। ভোররাতে চিৎকার ও হৈচৈ শুনে বাইরে বেরিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।
পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক জানান, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে বাইরে এসে বাসটি লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের বলে শনাক্ত করেন। তবে কারা আগুন দিয়েছে, তা দেখতে পাননি।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


























