সৌন্দর্যের মঞ্চে নজর কাড়লেন মাহি, দিলেন বন্ধুত্বের বার্তা!
- প্রকাশের সময় : ১১:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 3 বার পড়া হয়েছে
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে চলছে মুকুট জয়ের লড়াই। সর্বশেষ ফ্যান ভোটিং আপডেট তথ্যমতে, দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন মাহি। এ প্রতিযোগিতার ব্যস্ততার মধ্যেও ভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছেন তিনি। সৌন্দর্যের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে নজর কেড়েছেন মাহি।
প্রতিযোগিতার নবম দিনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কাটানো মুহূর্ত, নতুন অভিজ্ঞতা এবং আন্তঃদেশীয় বন্ধুত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। এক পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সে তার নবম দিনটি কেটেছে নানা অভিজ্ঞতা ও স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব এবং একসঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তার কাছে বিশেষ হয়ে উঠেছে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পতাকা ব্যবহার করে দেওয়া পোস্টে মাহি ভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং আন্তরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তার ভাষায়, দেশ ও পতাকা আলাদা হলেও ভালোবাসা এবং বন্ধুত্বের বন্ধন সীমান্তের বাধা মানে না।
প্রতিযোগিতার ব্যস্ততার পাশাপাশি পুয়ের্তো রিকোতে কাটানো ব্যক্তিগত কিছু মুহূর্তও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাহি। স্থানীয় রেস্তোরাঁ লা ক্যাসিটা ব্লাঙ্কায় খাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নতুন স্বাদের খাবার, হাসি ও আনন্দে কাটানো সন্ধ্যাটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পুয়ের্তো রিকোর প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছে বাংলাদেশের এই প্রতিনিধি। সেখানকার মনোরম দৃশ্যের ছবি প্রকাশ করে তিনি জানান, প্রতিযোগিতার ব্যস্ততার মাঝেও ছোট ছোট আনন্দের মুহূর্ত উপভোগ করছেন।
মিস ইউনিভার্সের নবম দিনের অভিজ্ঞতা নিয়ে মাহির পোস্টে উঠে এসেছে প্রতিযোগিতার বাইরের আরেকটি দিক— ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে পথচলার অভিজ্ঞতা।
গত ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী হন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। এবারের মিস ইউনিভার্সের আসর বসেছে পুয়ের্তো রিকোয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ২৪ নভেম্বর, সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারও চলছে। সমর্থকরা এবারের মিস ইউনিভার্সের মুকুট বাংলাদেশের প্রতিনিধির মাথায় দেখতে চান বলে আশা প্রকাশ করছেন। তবে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল এখনও নির্ধারিত হয়নি।



























