গঙ্গাচড়ায় ‘স্মার্ট ইউনিয়ন’ বাস্তবায়নে চেয়ারম্যান-প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময়
- প্রকাশের সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 13 বার পড়া হয়েছে
নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ‘স্মার্ট ইউনিয়ন’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
প্রজেক্টরের মাধ্যমে ‘স্মার্ট ইউনিয়ন’ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন মো. আবু জাফর। ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকরা যেসব সেবা পান, সেগুলো কীভাবে প্রযুক্তির মাধ্যমে আরও সহজে ও ঘরে বসে পাওয়ার সুযোগ তৈরি করা যায়, তা তুলে ধরা হয় সভায়।
প্রধান অতিথি বলেন, নাগরিকদের হয়রানি কমিয়ে সেবার মান আরও উন্নত করতেই সরকার স্মার্ট ইউনিয়ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ সফল করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় সরকার বিভাগের পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এর আগে গঙ্গাচড়ায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


























