নতুন বেকারির আনন্দ বিষাদে পরিণত, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
- প্রকাশের সময় : ০৬:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 1 বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নৈতিক (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে গঙ্গাচড়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নৈতিক এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাষ্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গঙ্গাচড়া বাজারে নতুন একটি বেকারির দোকান চালু করেন নৈতিকের বাবা। শনিবার দুপুরে ওই দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে মোটরসাইকেলে রংপুরের দিক থেকে গঙ্গাচড়া বাজারে যাচ্ছিলেন নৈতিক। পথে গঙ্গাচড়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা গঙ্গাচড়া-রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























