গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
- প্রকাশের সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 11 বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ডাকবাংলো মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তব্য দেন উপজেলা জাসাসের সভাপতি শাহিন আলম, তাঁতিদলের আহ্বায়ক হাসান আলী, মৎস্যজীবী দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শ্রমিক দলের আহ্বায়ক মজমুল হক মজনু, ছাত্রদলের আহ্বায়ক আক্তারুজ্জামান তিতাস, কৃষক দলের আহ্বায়ক মো. সবুজ মিয়া, মহিলা দলের সভানেত্রী তৃষ্ণা খাতুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান রঞ্জু এবং যুবদলের সদস্যসচিব শাহিন আলম সোনা।


























