বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০১:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 20 বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছেন। তাঁদের একজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এবং অপরজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ও রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়বিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ওরফে খোকন (৪৩) এবং গঙ্গাচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে আবুল হাসান ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার উত্তর পানাপুকুরের গিরিয়ার পাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুস সালাম।
অন্যদিকে, রাত ৮টা ৩০ মিনিটে গঙ্গাচড়া ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি অভিযান দল। তিনি উপজেলার ভুটকা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত রহিম উদ্দিন।
পুলিশ জানায়, আবুল হাসান ওরফে খোকনকে ১০ নভেম্বর ২০২৬ তারিখের গঙ্গাচড়া থানার ৮ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর সুলতান মিয়া ওরফে সাদ্দামকে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ২৮ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


























