কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু
- প্রকাশের সময় : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 11 বার পড়া হয়েছে
রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের ঘটনায় মায়ের পর মারা গেল দেড় বছরের শিশু আরিস রহমান মাহাদ। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হয়েছিলেন। এর আগে শুক্রবার বিকেলে শতভাগ দগ্ধ অবস্থায় মারা যান শিশুটির মা ইফতি সাবা (২৫)।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিস। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, বর্তমানে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাবার স্বামী আব্দুর রহমান মানিক (৩২), সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)। মানিকের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং শামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক, তার স্ত্রী ইফতি সাবা ও তাদের দেড় বছরের ছেলে আরিস। এ ছাড়া পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম ও তার মা শামসুন্নাহার বেগম দগ্ধ হন।
মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকেন তারা। সকালে বাসার ভেতরে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়। তখন শিশুকে নিয়ে তিনি দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরে দগ্ধ অবস্থায় বের হন তার স্ত্রী এবং পাশের কক্ষের মা-মেয়ে।
মানিকের ধারণা, রাতে গ্যাসের চুলা চালু ছিল অথবা কোথাও লিকেজ ছিল। এতে সারা রাত ঘরে গ্যাস জমে যায়। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। তারা বাসায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। তবে সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল বলে জানান তিনি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ তারা ঘটনাস্থলে যান। তবে এর আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের শব্দে বাসার দরজা-জানালা ভেঙে যায়। গ্যাস লিকেজের কারণে ঘরে জমে থাকা গ্যাস থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



























