ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান
- প্রকাশের সময় : ১০:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 7 বার পড়া হয়েছে
ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপির পতাকাতলে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি গণমানুষের দল, দেশের সব ভালো ও জনকল্যাণমূলক কাজে দলটি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রংপুরসহ দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের খাওয়া দেশ থেকে শেষ হয়ে গেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা জেএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। মাদকমুক্ত তারুণ্য গড়তে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তারা মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ এলাকার মানুষ ভুল করে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে যেন সেই ভুল না করেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও এলাকার উন্নয়ন এগিয়ে নিতে হবে।
এর আগে শনিবার দুপুরে রংপুর সফরের অংশ হিসেবে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুরের উন্নয়ন ও ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। বৃহত্তর রংপুরের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ফাইনাল খেলায় দিনাজপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আফছার আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, লিটন পারভেজ, মাহামুদুন নবী চৌধুরী পলাশ, মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।


























