কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, নিরাপদ দুধ ও মাংস উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পণ্যের গুণগত মান নিশ্চিত, পশুর রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জোরদার করতে হবে। এ সময় খামারিদের বিভিন্ন সমস্যা, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আখন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





















