উচ্ছেদে কর্মহীন হকারদের পুনর্বাসন ও দখলদারি বন্ধের আহ্বান
- প্রকাশের সময় : ০৮:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 15 বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে হাইওয়ে সংলগ্ন সরকারি খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও হঠাৎ করে জায়গাটি খালি করায় বিপাকে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এ স্থানে ব্যবসা করে সংসার চালানো এসব মানুষের রুটিরুজি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
স্থানীয় সচেতন মহল এবং ব্যবসায়ীদের পক্ষে মধুখালী উপজেলা প্রশাসন ও মধুখালী বাজার কমিটির প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হচ্ছে, আইনি প্রক্রিয়া ও সরকারি নির্দেশনার প্রতি সবার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবিক দিকটি বিবেচনা করা অত্যন্ত জরুরি। উদাহরণস্বরূপ, প্রয়াত মোঃ রাজীব বিশ্বাসের মতো অনেক পরিবার রয়েছে, যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় ছোট ছোট সন্তানদের নিয়ে সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। এরকম বহু কর্মহীন পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই হাইওয়ে সংলগ্ন ক্ষুদ্র ব্যবসা।
আইন প্রয়োগের পাশাপাশি এই অসহায় মানুষগুলোর জীবন-জীবিকা সচল রাখতে তাদের বিকল্প স্থানে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে। একই সাথে স্থানীয়দের বিশেষ আহ্বান, সরকারিভাবে জায়গাটি মুক্ত করার পর যেন নতুন কোনো প্রভাবশালী বা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা গোষ্ঠী পুনরায় তা দখল করতে না পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও মধুখালী বাজার কমিটিকে কঠোর নজরদারি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।



























