দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- প্রকাশের সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 20 বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা ভিআইপি অডিটোরিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সাংবাদিক প্রশিক্ষণ, হারমনি সেশন ও গোল্ডেন সেশন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন পর্বে চলে এ উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এফএফ মোহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসাইন, সংসদ সদস্য অ্যাডভোকেট শাকোত আরা আক্তার, সংসদ সদস্য মাসুদ সাঈদী,বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও বিশিষ্টজন।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্যদেন দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির সম্পাদকীয় উপদেষ্টা এফএফ ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।
বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় হারমনি সেশন। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে সন্ধ্যা ৭টায় শুরু হয় গোল্ডেন সেশন। এ পর্বে ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ড. খান আসাদুজ্জামানের একক পরিবেশনা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয় ৬০ পৃষ্ঠার বিশেষ স্মারক সংখ্যা। এতে দেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক ও কলামিস্টদের বিভিন্ন লেখা স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পাঁচ বছরে দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনেও পত্রিকাটি তার দায়িত্বশীল সাংবাদিকতা ও ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনব্যাপী এ আয়োজন পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী, সাংবাদিক, লেখক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। আনন্দ-উৎসব ও নানা আয়োজনে উদযাপিত হয় দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
























