‘শুধু ভালো ফল নয়, নৈতিক মানুষ হতে হবে’—বেতগাড়ী একরামিয়ায় নবীনদের উদ্দেশে সহিদুল ইসলাম
- প্রকাশের সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 10 বার পড়া হয়েছে
নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে মাদ্রাসায় পা রাখা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যদের।
সোমবার (৫ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও গভর্নিং বডির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. সহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. সহিদুল ইসলাম বলেন, “শিক্ষার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; একজন শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকেই সময়ের মূল্য বুঝতে হবে এবং জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হতে হবে। মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সমন্বিত প্রচেষ্টা জরুরি।”
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও কার্যক্রম আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থী ও নবগঠিত গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।



























