সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, যুবকের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 16 বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. সবুজ শেখ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ সাজা দেওয়া হয়।
ভূমি অফিস সূত্র জানায়, সবুজ শেখ সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা বলে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী তার পরিচয় ও সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। তবে তিনি সম্পাদকসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতারণার বিষয়টি তিনি স্বীকার করেন। তার কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্রও জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয়ে চাঁদা নিতেন।
দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।



























