স্ত্রীকে কোপানোর পর স্বামীর মৃত্যু
- প্রকাশের সময় : ০৯:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / 311 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার পর মারা গেছেন স্বামী সরু মিয়া (৫২)। পুলিশের ধারণা, ঘটনাস্থলে রক্ত দেখে সরু মিয়া স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় স্ত্রী মাফিয়া আক্তার (৩৫) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। সরু মিয়া গোয়ালী গ্রামের মৃত আবদুল হাসেমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি হুমায়ুন কবির প্রতিদিনের পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামী-স্ত্রী মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাতে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সরু মিয়া তার স্ত্রী মাফিয়া আক্তারের গলায় ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে রক্তপাতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে রক্ত দেখে সরু মিয়া স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ বিষয়ে কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য বাছির মিয়া প্রতিদিনের পোস্টকে বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ফসলি জমি দেখতে যাওয়ার সময় আমার ভাতিজা বলেন, সরু মিয়া মরে পড়ে আছেন। তার স্ত্রীকে কুপিয়ে বিছানায় ফেলে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখি সরু মিয়া মৃত অবস্থায় ঘরের দরজার পাশে পড়ে আছেন। তার পাশেই খাটের ওপর তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তার গলায় বড় একটি দায়ের কোপ ও মাথার চুল কাটা অবস্থায় দেখতে পাই। এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ সরু মিয়ার মরদেহ উদ্ধার করে।

























