সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা!
- প্রকাশের সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 1 বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
এমনকি প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে কিংবা অর্ধেক ভাড়ায় থাকার নির্দেশনা দেওয়া হলেও অনেক হোটেল তা মানেনি। তবে আবহাওয়া অনুকূলে আসায় রোববার (২২ নভেম্বর) থেকে বড় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগর উত্তাল হয়ে ওঠায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া কিছুটা অনুকূলে এলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। উত্তাল সাগরে ছোট কাঠের ট্রলারে ফেরার সময় অনেকেই দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন।
ফিরে আসা পর্যটকরা জানান, জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর দ্বীপের অনেক হোটেল ও খাবারের দোকানে অস্বাভাবিক দাম বাড়িয়ে দেওয়া হয়। ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকতে হওয়ায় আবাসন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় কারও কারও সঙ্গে থাকা টাকাও শেষ হয়ে যায়। বিকল্প না থাকায় বেশি দামেই খাবার কিনতে বাধ্য হন তারা। তবে কয়েকটি হোটেল ভাড়ায় ছাড় দিয়েছে এবং কিছু ব্যবসায়ী কম দামেও খাবার সরবরাহ করেছেন বলে জানান পর্যটকরা।
আটকেপড়াদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তাসহ ৩৮ জন। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় তাদের শিক্ষা সফরের (কোর্স ট্যুর) বাজেটে টান পড়ে। ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তারা শনিবার ট্রলারে ফেরেননি।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন শিক্ষক-শিক্ষার্থীও দ্বীপে আটকা পড়েন। দীর্ঘ সময় আটকে থাকায় এসব দলের খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে আসে।
এদিকে শনিবার পর্যন্ত দ্বীপে আট শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তাদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে অনেক প্রতিষ্ঠান সেই নির্দেশনা মানেনি বলে অভিযোগ করেন পর্যটকরা। রোববার থেকে বড় জাহাজ চলাচল
শুরু হওয়ায় দ্বীপে থাকা বাকি পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসন কাজ করছে। হোটেল-রিসোর্ট মালিকদের বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। পর্যটকদের কাছ থেকে খাবার, হোটেল ভাড়া বা অন্য কোনো সেবার ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রস্তুত রয়েছেন। কোনো পর্যটক হয়রানির শিকার হলে ফোনে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।


























