শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর
- প্রকাশের সময় : ০২:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় আগামীকাল রোববার (২৮শে জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌরসভা এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শনিবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।
ক্যাম্পেইন কীভাবে শতভাগ সফল করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসারগণ, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বয়স অনুযায়ী ক্যাপসুলের নিয়ম:
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ থেকে জানানো হয়েছে, শিশুর বয়স অনুযায়ী স্বাস্থ্যকর্মীগণ সঠিক ক্যাপসুলটি খাওয়াবেন। নিয়মটি নিম্নরূপ:
নীল রঙের ক্যাপসুল: ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য।
লাল রঙের ক্যাপসুল: ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য।
শ্রীমঙ্গল উপজেলার প্রস্তুতি ও লক্ষ্যমাত্রা:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
ইউনিয়ন পর্যায়: মোট ২১২টি কেন্দ্রে ৪১৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
পৌরসভা পর্যায়: মোট ৯টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
শিশুদের লক্ষ্যমাত্রা: শ্রীমঙ্গল উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩,৯৫৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী ৩২,১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পৌরসভা পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার জন শিশু।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার উদ্দিষ্ট সকল শিশুকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এরই সাথে সাথে প্রত্যেক অভিভাবকদের সচেতনতা মুলক আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে উপস্থিত থেকে আপনার শিশুকে নিরাপদে রাখুন।





















