১২০ পরিবারের রাস্তা সংকট, সমাধানের আশ্বাস মেয়র পার্থী ফারুকের
- প্রকাশের সময় : ০৯:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
১২০ পরিবারের রাস্তা সংকট, সমাধানের আশ্বাস মেয়র পার্থী ফারুকের
খন্দকার মোঃ আলমগীর হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রথম শ্রেণির পৌরসভার ৯ নং ওয়ার্ডের দোলাবাড়ি পশ্চিমপাড়ার প্রায় ১২০টি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের উপযোগী রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী আবু কাউছার, আলী আহাদ বেপারি, মাওলানা মোহাম্মদ নুরুল আজম, মোহাম্মদ মোখলেছুর রহমান মোল্লা, মোহাম্মদ আনিস মিয়া, আমির হোসেন, কাদির মিয়া ও জিলানী মিয়াসহ স্থানীয়রা জানান, প্রায় ১২০টি পরিবারের বসবাস হলেও তাদের চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা নেই। ফলে দীর্ঘদিন ধরে তারা এক ধরনের অবহেলিত জীবনযাপন করছেন।
স্থানীয়রা বলেন, রাস্তার অভাবে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয়। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে কাদামাটি ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত রাস্তা নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাস্তাটি চলাচলের উপযোগী হলে প্রায় ১২০টি পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
এদিকে দোলাবাড়ি পশ্চিমপাড়ার মানুষের দুর্ভোগের কথা শুনে রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফারুক আহামেদ।
ফারুক আহামেদ বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস হয়েছে। ইতোমধ্যে নবীনগরের জনপ্রিয় নেতা এমপি আব্দুল মান্নান মহোদয়ের কাছে আমি আপনাদের এই কষ্টের কথা শেয়ার করব। আপনারা যে অবহেলিত, আপনাদের পায়ে হেঁটে যাওয়ার রাস্তা নেই, আপনারা অসুস্থ হলে রিকশা দিয়ে হাসপাতালে যেতে পারেন না। আপনাদের সন্তানরা যেন সুন্দরভাবে স্কুলে যেতে পারে, আমি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দোলাবাড়ি পশ্চিমপাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে। এলাকাবাসীর যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা নির্মাণে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।























