ঘোড়াশালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 12 বার পড়া হয়েছে
নরসিংদীর ঘোড়াশালে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে ঘোড়াশালের মা ও শিশু মেডিকেল সেন্টারে সান ফার্মাসিটিক্যাল লিমিটেডের আয়োজনে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আতাউর রহমান (এমবিবিএস), ঢাকা; এফসিপিএস (মেডিসিন) পার্ট-২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; সিসিডি, বারডেম এবং ডা. নুসরাত জাহান (এমবিবিএস), ঢাকা; এফসিপিএস (পেডিয়াট্রিক) পার্ট-২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; পিজিপিএন (শিশু ও পুষ্টি), বোস্টন ইউনিভার্সিটি।
ক্যাম্পে রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, হৃদ্রোগ ও রক্তচাপ পরীক্ষা এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষারও বিনামূল্যে ব্যবস্থা করা হয়।
ডা. আতাউর রহমান বলেন, “এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানবসেবার সঙ্গে নিয়োজিত রয়েছে। প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একই সঙ্গে যেসব হতদরিদ্র রোগী অর্থের অভাবে চিকিৎসাসেবা নিতে পারছেন না এবং ডায়াবেটিস সম্পর্কে ধারণা নিতে পারছেন না, তাদের জন্য এ মেডিকেল ক্যাম্পটি খুবই উপকারী হবে বলে মনে করি।”
তিনি আরও বলেন, “আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০০ থেকে ৩০০ জন রোগীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করারও পরিকল্পনা আছে।”
সান ফার্মাসিটিক্যাল লিমিটেডের আয়োজক বলেন, “দেশের হতদরিদ্র মানুষের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমরা চাই, ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা বিনামূল্যে সেবা পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারেন।”
ক্যাম্পে সেবা নিতে আসা কয়েকজন রোগী বলেন, “আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে পেরে আমরা উপকৃত হয়েছি। এখানকার সেবার মানও ভালো ছিল।”
স্থানীয় জনপ্রতিনিধি ফরহাদ চৌধুরী বলেন, “মা ও শিশু মেডিকেল সেন্টারে আজ যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এতে আমার এলাকার মানুষের অনেক উপকার হয়েছে। ঘোড়াশাল পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা হলেও এ এলাকায় অনেক অসহায় ও হতদরিদ্র মানুষ রয়েছেন। তাদের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পটি একটি ভালো উদ্যোগ ছিল। একই সঙ্গে এ মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।


























