এডহক কমিটি নিয়ে পাগলাপীর স্কুলে অসন্তোষ
- প্রকাশের সময় : ০৭:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 13 বার পড়া হয়েছে
রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এটি বাতিলের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে নবগঠিত এডহক কমিটি নিয়ে জানতে চান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কয়েকজন অভিভাবক। এ সময় আলোচনার একপর্যায়ে কমিটির সভাপতি আব্দুল গনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ।
পরে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. মাসুদ রানা, দলীয় নেতাকর্মী ও অভিভাবকরা অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ সভা করেন।
সভায় শাহ মো. মাসুদ রানা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা না করেই গোপনে এডহক কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ জয়নাল আবেদীন স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারীদের দাবি, সরকারি নির্দেশনার সুযোগ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা অফিসে এডহক কমিটি গঠনের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
এরপর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অভিভাবকরা কমিটি প্রত্যাখ্যান করে গঠনপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানান। তারা নবগঠিত কমিটি বাতিল করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন এডহক কমিটি গঠনের দাবি জানান।
সভায় ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ সময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ, যুবদল নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ীই নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল গনি দায়িত্ব পালন করছেন।
























