বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু
- প্রকাশের সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 5 বার পড়া হয়েছে
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং আরও বেশি সংগঠিত হয়েছে। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা গ্রহণের দিনেই আমি কারাগারে যাই। সে সময় এরশাদ দেশের বিভিন্ন দলের এমপি-মন্ত্রীদের ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গেলেও আমাদের ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে রাজপথে নেমে আসেন। সে সময় তিনি শৈশবের তারেক রহমান ও শিশু আরাফাত রহমানকে বাড়িতে রেখেছিলেন। একইভাবে ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াকে কারাবন্দী ও তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে যারা ভেবেছিল বিএনপি শেষ হয়ে যাবে, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যত সংকট বা ক্রাইসিসই আসুক না কেন, বিএনপিকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না।
এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















