চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
- প্রকাশের সময় : ১২:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 1 বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে চরফ্যাশন থানাধীন জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিনের দোকানের সামনে পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সোহেল কামালের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ৭ নম্বর ওয়ার্ডের ফজর আলী হাওলাদার বাড়ির মৃত সাহাবউদ্দিনের ছেলে মোঃ রাকিব (২৫) এবং একই এলাকার মৃত আনিছল হক মাঝির ছেলে মোঃ মঞ্জুর মাঝি (৪৯)।
পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুচ্ছেদে চরফ্যাশন থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৮, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ১৭৩/২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।






















