নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ,
- প্রকাশের সময় : ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব।
এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, নোয়াখালীতে বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৫২ শতাংশ। এ হার আরও বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বক্তারা বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশু-কিশোর, তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষকে শুধু বর্ণমালা চেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা ও প্রাক-বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।



























