স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন, ২০ বছর পর মুখ খুললেন ব্রিটিশ নাগরিক
- প্রকাশের সময় : ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 16 বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে এক ব্যক্তি নিজের স্ত্রীকে অজান্তে মাদক খাইয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ধর্ষণের কথা স্বীকার করেছেন। সোমবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টারের একটি আদালতে তিনি ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন নিপীড়নসহ ৬০টি অপরাধের দায় স্বীকার করেন।
৬০-এর কোঠায় থাকা ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। স্ত্রীর পরিচয় গোপন রাখার স্বার্থে তার নাম প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।
আদালতে ওই ব্যক্তি প্রথমে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে চলতি গ্রীষ্মে তিনি ধর্ষণের পাঁচটি, অনুপ্রবেশের মাধ্যমে যৌন নিপীড়নের ছয়টি, যৌন নিপীড়নের তিনটি এবং স্ত্রীর সম্মতি ছাড়া তার ব্যক্তিগত ছবি প্রকাশের একটি অভিযোগে দোষ স্বীকার করেন।
সোমবারের শুনানিতে তিনি আরও অভিযোগে দায় স্বীকার করায় মোট অপরাধের সংখ্যা দাঁড়ায় ৬০টিতে। এ সময় তার স্ত্রী আদালতকক্ষে উপস্থিত ছিলেন।
একই নারীর বিরুদ্ধে যৌন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১২ জন পুরুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বয়স ২৮ থেকে ৭৪ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা। এসব ব্যক্তি নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ম্যানচেস্টারেই বিচার শুরু হবে।
চলতি সপ্তাহেই মামলার অভিযোগের বিস্তারিত আদালতে তুলে ধরার কথা রয়েছে প্রসিকিউশনের।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, জটিল এই তদন্তে ‘ভয়াবহ নির্যাতনের শিকার নারীকে’ সহায়তা করাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি এখনো বিশেষজ্ঞদের সহায়তা পাচ্ছেন।

























