এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল
- প্রকাশের সময় : ১১:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 10 বার পড়া হয়েছে
সম্পর্ক শেষ। কিন্তু শেষ হচ্ছে না একটা অভ্যাস; বারবার এক্সের প্রোফাইলে ঢুঁ মারা! ‘একবার শুধু দেখি’ এই ভেবেই শুরু। তারপর তার নতুন ছবি, স্টোরি, কার সঙ্গে ঘুরছে, কী পোস্ট করেছে সব দেখা শুরু। এমনকি পুরোনো পোস্টেও চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর নিজেকেই বলছেন, ‘এবার সত্যিই আর দেখব না।’ কিন্তু কিছু সময় পর আবার সেই একই কাজ।
যদি ব্যাপারটা আপনার সঙ্গেও মিলে যায়, তাহলে জানুন এই অভ্যাস থেকে বের হওয়ার কয়েকটি সহজ উপায় আছে।
এক্সের প্রোফাইলটা চোখের আড়ালে রাখুন
তার পোস্ট বা স্টোরি বারবার সামনে এলে দেখার ইচ্ছাটাও বাড়বে। তাই কিছুদিনের জন্য তাকে মিউট বা আনফলো করে রাখতে পারেন। চাইলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও কয়েক দিন বিরতি নিতে পারেন। ব্লক করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার জন্য যেটা স্বস্তির, সেটাই করুন।
প্রোফাইলে ঢোকার আগে নিজেকে একটা প্রশ্ন করুন
তার প্রোফাইল খুলতে যাওয়ার আগে ভাবুন; আমি আসলে কী দেখতে চাই? সে কি আমাকে মিস করছে? নতুন কারও সঙ্গে সম্পর্কে আছে কি না? নাকি শুধু জানতে চাই, আমাকে ছাড়া সে কেমন আছে? অনেক সময় আমরা উত্তর পাওয়ার জন্য নয়, নিজের কৌতূহল মেটাতেই এক্সের প্রোফাইল দেখি। কিন্তু সেখানে যা দেখবেন, তা আপনার সব প্রশ্নের উত্তর নাও দিতে পারে।
দেখার ইচ্ছা হলে অন্য কিছু করুন
হঠাৎ এক্সের প্রোফাইলে ঢোকার ইচ্ছা হলো? সঙ্গে সঙ্গে ফোন হাতে নেবেন না। গান শুনতে পারেন, একটু হাঁটতে পারেন, বন্ধুকে মেসেজ দিতে পারেন, সিনেমা বা সিরিজ দেখতে পারেন কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন। মাত্র ১০-১৫ মিনিট নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখলেও অনেক সময় সেই ইচ্ছাটা কমে যায়।
এক্সের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন
এক্স হয়তো নতুন ছবি দিয়েছে, বন্ধুদের সঙ্গে ঘুরছে কিংবা খুব হাসিখুশি দেখাচ্ছে। সেটা দেখে মনে হতে পারে, ‘সে তো আমাকে ছাড়াই ভালো আছে!’ কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম পুরো জীবন দেখায় না। মানুষ সাধারণত নিজের ভালো মুহূর্তগুলোই সেখানে শেয়ার করে।তাই তার অনলাইন জীবন দেখে নিজের জীবনকে বিচার করবেন না। কে কত দ্রুত এগিয়ে গেল, সেই প্রতিযোগিতাও নেই।
কিছুদিন একদম খোঁজ নেবেন না
নিজেকে একটা ছোট চ্যালেঞ্জ দিতে পারেন; সাত দিন এক্সের কোনো আপডেট দেখবেন না।প্রথম দিকে কঠিন লাগতে পারে। বারবার মনে হবে, ‘একবার দেখি কী করছে।’ কিন্তু সেই ইচ্ছাটা এলে কিছুক্ষণ অপেক্ষা করুন। অন্য কাজে মন দিন।সাত দিন পার হলে হয়তো দেখবেন, আগের মতো আর প্রোফাইল দেখার তাগিদ নেই।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক্সের প্রতি কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু তার জীবনে কী হচ্ছে, সেটা জানতে গিয়ে যদি নিজের মনটাই খারাপ হয়, তাহলে একটু দূরত্ব তৈরি করাই ভালো।



























