পাঁচদোনায় সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত
- প্রকাশের সময় : ০৩:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 20 বার পড়া হয়েছে
নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। সকাল ৯টার দিকে সিএনজিটি পাঁচদোনার ভাটপাড়া বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















