চুরির চেষ্টার দায়ে আটক বাবা, খাঁচার ওপাশ থেকে মুখে রুটি তুলে দিল শিশুসন্তান
- প্রকাশের সময় : ০৮:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে। খাবার না দিয়ে রাতভর আটকে রাখায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। বাবার এই করুণ খবর শুনে শনিবার (২৬ সেপ্টেম্বর) খুব সকালে ঘটনাস্থলে ছুটে যায় তার অবুঝ শিশুসন্তান, তার হাতে ছিল চা-রুটি। খুঁটিতে বাধা বাবাকে এই অবুঝ সন্তান নিজের হাতে রুটি খাইয়ে দিচ্ছেন— এমন একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়।
উপজেলার বামরাইল বাজারের এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, একশ্রেণির শিক্ষিত অপরাধী রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও গ্রেফতারের পর তারা দুধেভাতে থাকে। অথচ সামান্য চুরির অপবাদে একজন দরিদ্র মানুষকে রাতভর খুঁটিতে বেঁধে নির্যাতন করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের।
ভিডিওতে দেখা যায়, শনিবার সকালে শিশুসন্তান যখন বাবাকে রুটি খাইয়ে দিচ্ছিল, তখনও তার হাত খুঁটিতে বাঁধা ছিল এবং চারপাশে উৎসুক জনতার ভিড় ছিল। নেটিজেনদের কেউ কেউ এই উৎসুক জনতার ভূমিকারও সমালোচনা করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে স্থানীয়রা অনিককে ধরে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে শনিবার সকালে অনিকের শিশুসন্তান সেখানে আসে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজার থেকে চা ও রুটি এনে সে নিজের হাতে তা বাবাকে খাইয়ে দেয়।
স্থানীয় এক যুবকের মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পরিস্থিতি অবনতি হতে পারে— এমন আশঙ্কায় পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে মুক্তি দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে ছেড়ে দেয়।























