কালীগঞ্জে অসহায় হানিফের ঘর নির্মাণ করে দিল জামায়াত, কর্মসংস্থানে ছাগল উপহার
- প্রকাশের সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 5 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালিগাঁও এলাকায় অসহায় মো. হানিফের বসবাসের জন্য নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি ছাগলও উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সহযোগিতায় নির্মিত ঘরটি হানিফের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ছাগলটি তাঁর হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।
জানা যায়, মো. হানিফের আগের ঘরটি বসবাসের জন্য অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত এবং মেঝে পানিতে তলিয়ে যেত। বিষয়টি জানতে পেরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সহযোগিতায় তাঁর জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ঘর হস্তান্তরকালে মো. খায়রুল হাসান বলেন, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব। কিন্তু দেশে বারবার সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ এখনো নিরাপদ বাসস্থানের সুযোগ থেকে বঞ্চিত। হানিফের বসবাসের অনুপযোগী ঘরের বিষয়টি বিবেচনা করে তাঁর জন্য নতুন ঘর নির্মাণ এবং কর্মসংস্থানের লক্ষ্যে একটি ছাগল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কালীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।












