গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ
- প্রকাশের সময় : ১০:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 16 বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা নিশ্চিত এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে রংপুরের গঙ্গাচড়ায়। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখার বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. জেসমিন আক্তার বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। কোনো সমস্যা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে মণ্ডপ কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্ত রায়, সাধারণ সম্পাদক তপন কুমার রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায় প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























