গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা
- প্রকাশের সময় : ০৪:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 9 বার পড়া হয়েছে
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে চাই আগাম প্রস্তুতি, সচেতনতা ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা। এ বার্তা সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার কৌশল নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ‘ঘর থেকে শুরু করি—দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, প্রয়োজন আগাম প্রস্তুতি ও জনসচেতনতা। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথি সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর ছবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাশার, উপজেলা প্রকৌশলী জয়া সান্যাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করেন। আয়োজকদের প্রত্যাশা, সচেতনতা ও আগাম প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে জানমালের ক্ষয়ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
























