গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা
- প্রকাশের সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 21 বার পড়া হয়েছে
উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া, নৈতিকতা চর্চা ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়া মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপরে কলেজের হলরুমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের সম্মানে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। কলেজের সভাপতি অধ্যাপক এসএম আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দীন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন ফটিক, বিদ্যোৎসাহী সদস্য আব্দুস ছালাম ও অধ্যক্ষ রোকন উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।’ তিনি ছাত্রীদের নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল কাশেম। এ সময় কলেজের প্রভাষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























