একটি বাড়িতে আগুন দিলে জ্বালিয়ে দেওয়া হবে ১০০টি বাড়ি’
- প্রকাশের সময় : ১০:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের জেলা যুবদল কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম বলেন, ‘একটি বাড়িতে আগুন দিলে আমরা ১০০টি বাড়িতে আগুন দেব। টায়ারে আগুন দিলে মোটরসাইকেলে আগুন দেওয়া হবে।’ এ সময় তিনি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন।
রাইসুল আলম আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া বা সহযোগিতার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা যুবদল সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার।
সমাবেশ শেষে জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার ও মহাজনপট্টি ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন।


























