এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে
- প্রকাশের সময় : ০৭:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0 বার পড়া হয়েছে
আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনকে এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় তাকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত ঘরের একটি কক্ষ থেকে পটুয়াখালী দুদকের একটি টিম গ্রেপ্তার করে। ওইদিন দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনের দাবি, সাবেক মেয়র মতিয়ার রহমানের অপকর্ম আড়াল করতে এবং তার প্রস্তাবমতো কাজ না করায় তিনি (মতিয়ার) সাব-ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দুদক দিয়ে তাকে ফাঁসিয়েছেন। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। জানা গেছে,, আমতলী পৌরসভার সৌন্দর্য বর্ধনে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে এলজিসিআরআরপি প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে এ কাজের দরপত্র আহ্বান করেন।
অভিযোগ রয়েছে, মেয়র মতিয়ার রহমান অতি গোপনে ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ কাজ দেন। কিন্তু নামে মাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলেও সমুদয় কাজ করেন মেয়র মতিয়ার রহমান। ২০২৪ সালের ৩০ জুলাই এ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ওই কাজ চলমান রয়েছে।
পলাতক সাবেক মেয়র মতিয়ার রহমান সাব-ঠিকাদার নোমান রেজা নামের একজনকে দিয়ে কাজ করাচ্ছেন। ওই কাজের তদারকি করছেন আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন।
সাব-ঠিকাদার নোমান রেজার অভিযোগ, তার কাছে রুবেল এক লাখ টাকা ঘুষ দাবি করেছেন। তার দাবিকৃত টাকা সোমবার বেলা ১১টার সময় সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত ঘরের একটি কক্ষে তাকে দেওয়া হয়। এ সময় পটুয়াখালী দুদকের একটি টিম তাকে হাতেনাতে ওই টাকাসহ গ্রেপ্তার করেছে। ওইদিন দুপুরে সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের দুদক সহকারী পরিচালক তাপস বিশ্বাস আমতলী ডাক বাংলো প্রাঙ্গণে প্রেস ব্রিফিং শেষে তাকে আমতলী থানায় সোপর্দ করেছেন।
গ্রেপ্তারকৃত প্রকৌশলীর বক্তব্য
আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুবেল খাঁন দাবি করেন, আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান বিগত বছরে উন্নয়নমূলক কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখনও তিনি পৌরসভার কাজে অনিয়ম করে টাকা হাতিয়ে নিতে চান। আমি তাতে রাজি না হওয়ায় তিনি (মতিয়ার) তার লোক নোমান রেজাকে দিয়ে পরিকল্পিতভাবে আমার পকেটে টাকা ঢুকিয়ে দুদক দিয়ে ধরিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
সাব-ঠিকাদারের বক্তব্য
সাব-ঠিকাদার মোঃ নোমান রেজা বলেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন আমার কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়েছেন। ওই টাকা দেওয়ার সময় দুদক তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
সৌন্দর্য বর্ধনের কাজের মান খারাপ করছেন, তাতে রুবেল রাজি হয়নি বলে আপনি পরিকল্পিতভাবে তার পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে তাকে দুদকের কাছে ধরিয়ে দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।
দুদকের বক্তব্য
পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, হাতেনাতে ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে দেওয়া তথ্যের টাকার নম্বরের সঙ্গে তার সঙ্গে থাকা টাকা হুবহু মিলে গেছে।
তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ এর ২ ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।
থানা ও প্রশাসনের বক্তব্য
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, দুদক আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারি চাকরি বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

























