“গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার”
- প্রকাশের সময় : ০৮:৩৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / 401 বার পড়া হয়েছে
সাভার (ঢাকা), উপজেলা প্রতিনিধি || “গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার”।
ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান। এর আগে ভোরে ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান জানান, গরু চুরির সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’






















