একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে আলোচনায় ডলি বেগম
- প্রকাশের সময় : ০৮:৪৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 15 বার পড়া হয়েছে
সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। নবজাতক তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন ডলি বেগম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মা ও তিন নবজাতক সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
একসঙ্গে তিন সন্তানের জন্ম নেওয়ার খবরে পরিবারজুড়ে আনন্দের জোয়ার বইছে। নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণ প্রসবের তুলনায় একটি বিশেষ ও বিরল ঘটনা।
নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।






















