ঘোড়াশাল সার কারখানা থেকে অবসরপ্রাপ্ত এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- প্রকাশের সময় : ০৯:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 14 বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানা প্রাচীরসংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাজাহান তালুকদার ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে,নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। প্রায় চার বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সঙ্গে খানপুরে থাকেন এবং অপরজন বরিশালে বসবাস করেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মরদেহটিতে পচন ধরায় ঘটনাস্থলের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এছাড়া মরদেহের হাত-পায়ের কয়েকটি আঙুল ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “নিহত ব্যক্তি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সাবেক কর্মচারী ছিলেন। তিনি বর্তমানে খানপুর এলাকায় বসবাস করতেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ সত্যতা উদঘাটনে পুলিশ তদন্ত চলছে । “





















