টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা, মাঠ থেকে আটক ছেলে
- প্রকাশের সময় : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫৫) নামের এক মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নেশাগ্রস্ত ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শখের বানু শ্যামকুড় গ্রামের জেকের আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খাওয়ার জন্য ডাকতে তার ছোট ছেলের স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদেহ দেখতে পান।
এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্তবর্তী এলাকার একটি মাঠ থেকে অভিযুক্ত এখলাছকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেছিলেন এখলাছ। পরে স্থানীয়রা মাঠ থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






















