নবীনগরে ড্রোন আতঙ্ক, বাড়ছে চুরি-ডাকাতির ঘটনা
- প্রকাশের সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 19 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে রাতের আকাশে ড্রোনের আনাগোনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত দুই সপ্তাহে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের দাবি, যেসব রাতে আকাশে ড্রোন উড়তে দেখা যায়, সেসব রাতেই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ও শাওন আহমেদ জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ড্রোনের আনাগোনা বাড়ে। পরদিন সকালে চুরি-ডাকাতির খবর পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা মাহাবুব রহমান আলমের দাবি, সম্প্রতি রাতে অপরিচিত কয়েকজনকে গ্রামে জড়ো হতে দেখা যায়। গ্রামবাসীর ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে তাঁর ছেলেও রাতে দুই ব্যক্তিকে ড্রোন ওড়াতে দেখে স্থানীয়দের খবর দিতে গেলে তার আগেই তারা সরে পড়ে।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ড্রোন ওড়ানোর বিষয়টি তদন্ত এবং রাতে পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ওই গ্রামে চুরি-ডাকাতির বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য বা অভিযোগ নেই। স্থানীয়রা সন্দেহের কারণে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন। গ্রামটি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তিনি স্থানীয়দের যোগাযোগের জন্য নিজের নম্বর দিয়ে এসেছেন। কোনো সমস্যা হলে তাঁকে ফোন করতে বলেছেন।
প্রেরক,
মো. আলমগীর হোসেন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোবাইল: ০১৭১১-৮৭২৩৩৫
ই-মেইল: alamgirpfile@gmail.com
তারিখ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ইং
























