নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 3 বার পড়া হয়েছে
নরসিংদীর যোশর বাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে আরিয়াল খাঁ নদীর দুই তীর মুখর হয়ে ওঠে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভি.পি. মো. তৌফাজ্জল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু বাহ্যিক উন্নয়ন করলেই হবে না; যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে জাতিকে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তুলতে হবে। তারই অংশ হিসেবে আজ এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. আশরাফ উদ্দিন বকুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ তৌফাজ্জল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালেক রিকাবদার।
যোশর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা যুবদলের সভাপতি শফিক মৃধা, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ বিষয়ে আয়োজকরা জানান, গ্রামীণ বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ ক্রীড়াকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তারা বলেন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নৌকা বাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





















