নানার বাড়ি বেড়াতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর
- প্রকাশের সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 221 বার পড়া হয়েছে
নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নন্দিতা ঋষি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের নবীনগর পৌরসভার ভোলাচং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীতানগর গ্রামের অমর ঋষির ছোট মেয়ে। সে ৩ দিন আগে সদর উপজেলা থেকে নবীনগর উপজেলায় মাসির সাথে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল।
স্থানীয়রা জানান, বিকেলে মাসির সাথে স্থানীয় ভোলাচং বাজারে আসলে রাস্তার পাশদিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগতির ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
পরে ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয় এলাকাবাসী। এসময় ড্রাইভার পালিয়ে যায়।
নবীনগর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সময়ের আলোকে বলেন, নবীনগর পৌরসভার ভোলাচং এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গাড়ির ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে।

























