ভিক্ষুক ভেবে তল্লাশি, ঝুলি খুলতেই মিলল ৫৬ লাখ টাকা
- প্রকাশের সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 9 বার পড়া হয়েছে
জর্ডানের রাজধানী আম্মানে এক ভিক্ষুক নারীর কাছ থেকে নগদ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষা-বিরোধী টিম ও জননিরাপত্তা অধিদফতরের যৌথ অভিযানে আম্মানের ডাউনটাউন এলাকা থেকে ওই নারীকে আটক করার সময় এই অর্থ উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ওই নারী রাস্তায় ভিক্ষা করে পাওয়া জর্ডানিয়ান দিনার বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। পুলিশের অনুসন্ধানে আরও উঠে এসেছে, এর আগেও ভিক্ষাবৃত্তির অভিযোগে তিনি আটক হয়েছিলেন। অসুস্থতার ভান এবং নানা ধরনের অভাবের গল্প বলে মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে অর্থ সংগ্রহ করতেন তিনি।
আটকের পর ওই নারীকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে
ঘটনার পর জর্ডান কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, রাস্তায় সরাসরি ভিক্ষুকদের অর্থ না দিয়ে নিবন্ধিত ও বৈধ দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা করা উচিত।



























