মৌলভীবাজারে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত
- প্রকাশের সময় : ০৫:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আলোচনাসভা, যোগব্যায়াম প্রদর্শন ও র্যালির মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন। রোববার (২১ জুন) সকালে শহরের লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।
রোববার (২১শে জুন) সকাল সাড়ে ৬টায় স্বামী বিবেকানন্দ মন্দির প্রাঙ্গণে যোগ শিক্ষালয়ের শিক্ষার্থীরা ৩০ ধরনের যোগব্যায়াম ও প্রাণায়াম প্রদর্শন করেন। পরে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ১ কিলোমিটার দীর্ঘ র্যালি অনুষ্ঠিত হয়।
স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শীলা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা রত্না ধর রুমা, অ্যাডভোকেট মাঈনুর রহমান মগনু ও চিকিৎসক অঞ্জন দেবনাথ প্রমুখ।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনের সহযোগিতায় শুক্রবার (১৯শে জুন) থেকে মৌলভীবাজারে এই কর্মসূচির শুরু হয়েছিল।
আয়োজকেরা জানান, ২০১৪ইং সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর ১৭৫টি দেশের সমর্থনে ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পায়। উত্তর গোলার্ধের দীর্ঘতম এই দিনটি বিশ্বের অনেক সংস্কৃতিতে যোগচর্চার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।





















