রাতের আঁধারে দুই বিঘা জমির কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ!
- প্রকাশের সময় : ০৮:৫৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 19 বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলতাফ হোসেনের অভিযোগ, ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে অভিযুক্তরা অজ্ঞাত আরও ৫-৬ জন লোকজন নিয়ে আমার জমিতে প্রবেশ করেন। পরে তারা জমিতে থাকা প্রায় ৩৫০টি কলাগাছ কেটে ফেলেন।
তিনি আরও বলেন, কলাগাছগুলো কাটার কারণে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি স্থানীয় লোকজনের সামনে ঘটেছে
ঘটনার পর ওই দিন রাত ৮টার দিকে আলতাফ হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধাসহ কয়েকজনকে ওই জমিতে কলাগাছ কাটতে দেখা গেছে। বিষয়টি স্থানীয় অনেকেই প্রত্যক্ষ করেছেন বলে জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুস্তাফিজুর মৃধার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























