শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মোছাব্বির আল মাসুদ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় মাদক ব্যবসায়ী আলামিন, রুবেল, চায়না রিপন ও তাদের সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করছে। জেলখানায় থাকা রুহেল ও আলামিনের পক্ষে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক নামের তিন ব্যক্তিকে ভাড়া করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসায় নিয়োজিত গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। সম্প্রতি তিনি লেবু বাজারে পরিবহন ব্যবসা শুরু করলে তার কর্মচারীর কাছ থেকে জোরপূর্বক ৪ হাজার ৩০০ টাকা আদায় করেন নুরে আলম, শামীম ও ফয়েজ। একই ঘটনায় অপর এক ব্যবসায়কেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোছাব্বির আল মাসুদ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাভোগীরা তাকে হত্যাসহ নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই তার ব্যবসা, জীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।





















