সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ জনের ১০ জন নওগাঁর
- প্রকাশের সময় : ১২:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দশজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
নিহত আত্রাইর ১০ জন হলেন, উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের আপন দুই ভাই মহুন প্রামাণিক (৪২) ও সুমন প্রামাণিক এবং একই এলাকার রুবেল হোসেন (৩০) ও কলি প্রামাণিক (৩৫), পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। জীবিকার তাগিদে দেশ ছেড়ে যাওয়া এই কর্মীরা ওই কারখানাতেই কর্মরত ছিলেন। এই আকস্মিক ট্র্যাজেডিতে অনেক পরিবার এখনো তাদের প্রিয়জনের সঠিক তথ্য ও মরদেহ পাওয়ার অপেক্ষায় রয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, অগ্নিকাণ্ডে পুড়ে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।























