সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা সেলিম হোসেনের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি এতিমখানা মাদরাসায় আরবি পড়াশোনা করে।
মামলার অভিযোগ অনুযায়ী, সেলিম কিশোরীকে তার মামার বাড়ি কচুয়ারপাড় এলাকায় বেড়াতে নিয়ে যান। পরে খাবার শেষে টংটিংডাঙ্গা হয়ে মাটিরাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর কিশোরীকে সড়কের পাশে রেখে সেলিম চলে যান।
পরে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য কিশোরীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


























