শিক্ষার মানোন্নয়নে গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের সভা
- প্রকাশের সময় : ১০:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
মোঃ শফিকুজ্জামান সোহেল
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ।
সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন। বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এরশাদুল হক, সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, নাসরিন আক্তার, আব্দুর রাজ্জাক, কেশব চন্দ্র বর্মন, মোজাহেদুল ইসলাম, নাসির হোসেন ও জয়নাব সুলতানা। এছাড়া প্রধান শিক্ষক মোরশেদুল হক লিটন, সাইফুল ইসলাম, নাসিমা বেগম ও আক্তারুজ্জামান বাবলা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে প্রধান শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে শায়লা জেসমিন সাঈদ বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় ও তদারকি প্রয়োজন। শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মান ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের দিকে প্রধান শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম, বিদ্যালয়ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয়।
সভা শেষে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষকরা তাঁর কর্মজীবনের বিভিন্ন অবদান ও সাফল্য স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
এদিকে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের মৃত্যুতে সভায় দোয়া ও মোনাজাত করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।






















