গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ
- প্রকাশের সময় : ০৮:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 5 বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় দুঃস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)। একই অনুষ্ঠানে আয়োজিত হয়েছে মতবিনিময় সভা।
রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ডাক্তারপাড়া এলাকায় দুঃস্থ উন্নয়ন সংস্থার (ডাস) সম্মেলন কক্ষ ও কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১০ জন দুঃস্থ ও অসহায় উপকারভোগীর প্রত্যেককে দুটি করে মোট ২০টি ছাগল দেওয়া হয়। আয়োজকদের আশা, ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা ধীরে ধীরে আয় বাড়িয়ে স্বাবলম্বী হতে পারবেন।
দুঃস্থ উন্নয়ন সংস্থার (ডাস) নির্বাহী পরিচালক মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদুর রহমান বলেন, দুঃস্থ মানুষের হাতে সম্পদ তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক, কবি, লেখক, সাহিত্য ও শিল্পী আলহাজ ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, প্রগতি ব্যায়ামাগার গঙ্গাচড়ার নির্বাহী পরিচালক সিফাত জাহান এবং দুঃস্থ উন্নয়ন সংস্থার (ডাস) প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সোহাগ। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাসের নির্বাহী পরিচালক মো. চাঁদ মিয়া বলেন, দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্থায়ীভাবে স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। শুধু সহায়তা নয়, উপকারভোগীদের আয় করার সুযোগ তৈরি করতে হবে। ছাগল বিতরণের এই কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, সুযোগ পেলে অসহায় মানুষও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এ জন্য ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF), ঢাকার সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস), ডাক্তারপাড়া, গঙ্গাচড়া, রংপুর।

























