‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—গঙ্গাচড়ায় মৎস্য পক্ষ উদযাপন
- প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 11 বার পড়া হয়েছে
মোঃ শফিকুজ্জামান সোহেল
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী।
সকালে বর্ণাঢ্য র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষী, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মাছ চাষের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার।
এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। এ ছাড়া স্থানীয় মৎস্যচাষী ও মৎস্যজীবীরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও নিরাপদ মাছ চাষে সবাইকে আরও সচেতন হতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গঙ্গাচড়ায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ চাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পরে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

























